রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির সম্মেলন শুরু বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম সম্মেলন শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি রাজনীতিকেরা অংশ নেবেন। সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও নানা আয়োজন থাকছে সম্মেলনে।
গতকাল রোববার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতিসহ নানা দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন দলের সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আনিসুর রহমান মল্লিক জানান, ২৪ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে হবে মূল উদ্বোধন পর্ব। এতে থাকবে শহীদ জামিল আখতারের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের বক্তৃতা। সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করবে। ২৫ এপ্রিল থেকে পরবর্তী তিন দিনে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের সম্মেলনে চারটি স্লোগান নির্বাচন করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, তাঁর দল তিস্তার পানির ন্যায্য হিস্যা চায়। এ ব্যাপারে সম্মেলনে প্রস্তাবও আনা হবে।