মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে একটি কোচিং সেন্টারের পরিচালক, রাজশাহী ওয়াসার এক প্রকৌশলীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নগরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় অবস্থিত রয়েল মেডিকেল অ্যাডমিশন কোচিং সেন্টারের পরিচালক ও রাজশাহী ওয়াসার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সোহেল রানা ডন, কোচিং সেন্টারের আব্দুল ওয়াহেদ, মুক্তাদির, ইব্রাহিম, মেহেদী হাসান, আজমল হোসেন ও নয়ন আহামেদ এবং নগরের সপুরা এলাকা থেকে আটক নাটোরের দুর্গাপুর উপজেলার শাকিল ইসলাম, মিলন আহমেদ, শাহেদ ও আব্দুল মালেক।
পুলিশ জানিয়েছে, ওয়াসার প্রকৌশলী সোহেল রানা ডন একই সঙ্গে চারটি কোচিং সেন্টার পরিচালনা করেন। নগরে তাঁর কোচিং সেন্টারের আরও কয়েকটি শাখা রয়েছে। পরীক্ষার আগের দিন রাতেও তাঁর কোচিং সেন্টারে পরীক্ষার্থীদের এই ভুয়া প্রশ্ন লেখানো হয়েছে। গত শুক্রবার পরীক্ষা শুরুর আগেও সেখানে পরীক্ষার্থীদের ভিড় ছিল। এই খবরের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে শুক্রবার সকালে সাতজনকে আটক করে। এ সময় নগরের বোয়ালিয়া থানার পুলিশ গোয়েন্দা পুলিশকে সহযোগিতা করে। সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার ও মুঠোফোন জব্দ করে। এই কম্পিউটার ও মুঠোফোনের মাধ্যমে তাঁরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাঠিয়েছেন।
অপর দিকে গত শুক্রবার সকালে রাজশাহী নগরের সপুরা এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র বিক্রি চক্রের চার সদস্যকে আটক করা হয়। তাঁদের ধরার সময় একজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে তাঁদের নামে নগরের বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। দুই জায়গা থেকে গ্রেপ্তার করার কারণে তাঁদের পৃথক দুটি মামলায় আসামি করা হয়েছে।