রাজশাহীতে ককটেলসহ শিবির নেতা আটক
রাজশাহী নগরীতে পাঁচটি ককটেলসহ এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় তাঁকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। আফজাল হোসেন ওরফে ফয়সাল নামের ওই শিবির নেতাকে গ্রেপ্তারের সময় ককটেলের বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আফজালের নামে নগরের মতিহার থানায় ১৮টি মামলা রয়েছে। এছাড়াও তিনি নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ১০টার দিকে আফজালকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মতিহার থানার উপপরিদর্শক মাসুদ, কনস্টেবল রাকিব ও শাহিনুর আহত হন। এএত আফজালও আহত হয়। পরে পুলিশ আহত অবস্থায় আফজালকে আটক করে। এ সময় তার কাছে থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। তাঁকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। ওসির ভাষ্য অনুযায়ী, আফজাল রাজশাহী কলেজের শিক্ষার্থী। তবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের আগের কমিটির ক্রীড়া সম্পাদক ছিলেন এবং বর্তমান কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক লাবিব আব্দুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে কাজলা এলাকা থেকে মোটরসাইকেলসহ বিশ্ববিদ্যালয় শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবিরকর্মী মো. শহিদুজ্জামানকে আটক করে মতিহার থানা পুলিশ। তবে বিকেল পর্যন্ত পুলিশ আটকের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।