রাজশাহীতে কবিকুঞ্জের ষষ্ঠ বার্ষিকী উদ্যাপন
রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের ষষ্ঠ বর্ষ উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের মিঞাপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী সাধারণ গ্রন্থাগার মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা পদকে ভূষিত নৃত্যগুরুখ্যাত বজলুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা।
হাসান আজিজুল হক বলেন, কবিকুঞ্জ সংস্কৃতির মূল জায়গায় কাজ করছে। এই সংগঠনের মাধ্যমে রাজশাহীতে শিল্প-সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ।
সংগঠনের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বিকেলে গ্রন্থাগার মাঠে রহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে নৃত্যগুরু বজলুর রহমানের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক। তিনি বলেন, কবিকুঞ্জ এত দিন শুধু কবিদের নিয়ে কাজ করেছে। এখন তারা শিল্প-সাহিত্যের সব শাখা নিয়ে কাজ করবে। সভায় নৃত্যগুরুকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট, মানপত্র ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।