রাজশাহীতে কম্পিউটার মেলা শুরু কাল
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহীতে আগামীকাল বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কম্পিউটার প্রযুক্তি মেলা। ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১৪’ শিরোনামের এই মেলা হবে নগরের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
গতকাল সোমবার নগরের সাফা ওয়াং চায়নিজ রেস্তোরাঁয় বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলা উদ্বোধন করবেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। রাজশাহীতে বিসিএসের এটি তৃতীয় মেলা।
এ বছর মেলায় ৫৫টি প্যাভিলিয়ন থাকবে। এসব প্যাভিলিয়নে দর্শনার্থীরা সুলভ মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের নামীদামি ব্র্যান্ডের কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারবেন। এ ছাড়া মোস্তাফা জব্বারের সঞ্চালনায় ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে ‘ঘরে বসে আয়ের উৎস’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।