রাজশাহীতে কম্বল বিতরণ
রাজশাহী নগরের সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে গত বুধবার প্রথম আলো ট্রাস্টের অর্ধশত কম্বল বিতরণ করা হয়েছে।
বে-লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহী বন্ধুসভার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল পৌঁছে দেয়। সিলভার জুবিলী বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবুল খায়ের, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া ফেরদৌসী খানম, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন, মিজানুর রহমান, রিপন মাহমুদ, মিঠন আলী সরদার, ভূমিকা আজাদ, কামাল হোসেন, আরিফ রায়হান, যূথী, সুমি, জয়া, রিভা প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবুল খায়ের বলেন, প্রথম আলো যে শুধু একটি পত্রিকা নয়, তার প্রমাণ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এই কম্বল বিতরণ। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
কম্বল পেয়ে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অসিত কুমার খুশি হয়ে বলে, ‘খুব ভালো হয়্যাছে। কাল সকালে আর শীত লাগবেহেনি নান (লাগবে না)।’