রাজশাহীতে করোনায় ও উপসর্গে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিডে ও উপসর্গে দুজন মারা গেছেন। গতকাল রোববার রাতে তাঁরা মারা যান। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী সিটির আফরোজা (৫০) কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল রাতে পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে দিবাগত রাত পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
উপসর্গে মারা যাওয়া ব্যক্তি (৬২) ১৭ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এই দুজনের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। উপসর্গে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।