রাজশাহীতে কর্মচারীর বাসা থেকে প্রতিষ্ঠানের ৩২ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের একজন কর্মচারীর রাজশাহী নগরের বাসা থেকে গতকাল শুক্রবার পুলিশ ৩২ লাখ টাকা উদ্ধার করেছে। একই সঙ্গে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কর্মচারীর নাম আলমগীর হোসেন (৩৬)। বাড়ি রাজশাহী শহরের চণ্ডীপুর এলাকায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইনসেপ্টা নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তা শেখ মোশাররফ হোসেন ২ সেপ্টেম্বর সকালে কর্মচারী আলমগীরকে ৪০ লাখ টাকাভর্তি একটি বস্তা প্রতিষ্ঠানের ভ্যানে রেখে আসার নির্দেশ দেন। টাকাগুলো ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আলমগীর ওই বস্তা নিয়ে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে মোশাররফ হোসেন ওই দিনই রাজপাড়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ গত বুধবার ঢাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করেন।