বিভাগীয় শহর রাজশাহীতে জাতীয় পত্রিকা সরবরাহ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। রাজশাহীতে এজেন্টের কর্মচারীর ওপর হকার্স-শ্রমিকদের হামলা এবং বারবার কমিশন ও সৌজন্য কপি দাবির প্রতিবাদে গত বুধবার রাজশাহীর চারজন এজেন্টই জাতীয় পত্রিকা না আনার সিদ্ধান্ত নেন। এ কারণে গতকাল রাজশাহীর পাঠকেরা কোনো জাতীয় পত্রিকা পাননি।বিবৃতিতে সাংবাদিকেরা বলেন, দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু উচ্ছৃঙ্খল হকার রাজশাহীতে বিভিন্ন জাতীয় পত্রিকায় অগ্নিসংযোগ, লুটপাট, এজেন্টের কর্মচারীদের মারধর ও পত্রিকা বহনকারী গাড়ি ভাঙচুর করে পত্রিকা সরবরাহ বিপর্যস্ত করে তুলেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ তৎপরতা না থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তাঁরা মনে করেন।বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপনের প্রাক্কালে এ ধরনের পরিস্থিতি তৈরি করে রাজশাহীর অগণিত পাঠককে বঞ্চিত করা কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।বিবৃতিতে সাংবাদিকেরা উদ্ভূত সংকট নিরসনে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি জোর দাবি জানান। কারও যৌক্তিক দাবি থাকলে শান্তিপূর্ণ উপায়ে তা উপস্থাপন ও সমাধানের আহ্বানও জানানো হয়।রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন: যুগান্তর-এর ব্যুরোপ্রধান বুলবুল চৌধুরী, ভোরের কাগজ-এর নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমান, কালের কণ্ঠ-এর ব্যুরোপ্রধান আনু মোস্তফা, ডেসটিনির ব্যুরোপ্রধান আনোয়ারুল আলম, ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, ডেইলি স্টার-এর নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী, সমকাল-এর ব্যুরোপ্রধান শিবলী নোমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, সকালের খবর-এর নিজস্ব প্রতিবেদক শ ম সাজু, ডেইলি সান-এর নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান শাহীন, জনকণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক মামুন অর রশিদ, মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব, সংবাদ-এর রাজশাহী প্রতিনিধি সুব্রত দাস, নিউ এজ-এর রাজশাহী প্রতিনিধি এস এম আতিক।