রাজশাহীতে কর্মসংস্থানের নামে ভয়ংকর লেনদেন
রাজশাহীতে ডিজিটাল বিজনেস প্লাস নামের একটি সংস্থা কর্মসংস্থান সৃষ্টির কথা বলে এক লাখ টাকা আমানতের বিপরীতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মুনাফা দিচ্ছে। এ কাজ আড়াল করার জন্য তারা কর্মসংস্থানের নামে ডিজিটাল হাসপাতাল, ডিজিটাল মডেল স্কুল এবং সমবায়ভিত্তিক সুদবিহীন আত্মকর্মসংস্থান প্রকল্প, আবাসন প্রকল্প ও ডিপার্টমেন্টাল স্টোর চালু করে।এসব প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে তাঁদের কাছ থেকেও আমানত সংগ্রহ করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ দাবি করছে, এটা আমানত নয়, জামানত। যাঁর যেমন জামানত, তাঁর তেমন বেতন। সংস্থার প্রধান কার্যালয় রাজশাহী নগরের উপশহর ক্যান্টনমেন্ট রোড এলাকায়। ব্যবস্থাপনা পরিচালকের নাম আহসানুল আজিম।যৌথ মূলধনী কারবারের রাজশাহীর সহকারী নিবন্ধক জিয়াউল হক বলেছেন, তাদের নিবন্ধন দিয়ে শুধু কাজ করার বৈধতা দেওয়া হয়েছে। এখন তারা যে ব্যবসা করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা শুরুর আগেই তার অনুমতি নিতে হবে।ডিজিটাল বিজনেস প্লাসের সমবায় সমিতির নিবন্ধনের বিষয়ে রাজশাহী বিভাগীয় সমবায় সমিতির যুগ্ম নিবন্ধক খোরশেদ আলম বলেন, ‘সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একটি সমিতি করেছেন। এই নিবন্ধন কোনোভাবে তাঁদের ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়।’সংস্থাটির বিলবোর্ডে বলা হয়েছে, এটি একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য রাজশাহীতে বেকার সমস্যা দূর করে দারিদ্র্য বিমোচন করা ও রাজশাহীবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখা। এতে আরও বলা হয়েছে, সংস্থার পাঁচটি প্রকল্পে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক হাজার ৩৬৬ জনের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও চার হাজার ৭৩০ জনের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে মানুষ জামানত দিয়ে এখানে চাকরি নিতে হুমড়ি খেয়ে পড়েছে।গত ২৫ নভেম্বর ছুটির দিনে সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে মানুষ ভিড় করেছে। সংস্থার একজন কর্মচারী বলেন, তিনি এক লাখ টাকা জমা দিয়েছেন। প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাচ্ছেন। কী কাজ করেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেখাশোনার কাজ। আমি প্রতিদিন আসি। দু-এক ঘণ্টা থাকি। তাতে মনে হয় টাকাটা হলাল হলো। সুদ খাচ্ছি না।’প্রধান কার্যালয়ে স্কুল (প্লে থেকে পঞ্চম শ্রেণী) করা হয়েছে। স্কুলে ৮০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষকের কাছ থেকে অন্তত এক লাখ টাকা জামানত নেওয়া হয়েছে। একই ভাবে নগরের বর্ণালীর মোড় এলাকায় ডিজিটাল হাসপাতালেও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে সংস্থাটি নগরের ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পণ্য বিক্রির উদ্দেশ্যে ভ্যান সার্ভিস চালু করেছে। এ জন্য এখন ভ্যানচালক ও তদারকি কর্মকর্তা নিয়োগের কাজ চলছে। বর্ণালীর মোড়ে স্থাপিত হাসপাতালের কোনো নিবন্ধন নেই।কয়েকজন আমানতকারী জানান, যাঁরা শুরুতে আমানত জমা করেছেন, তাঁরা এখন অন্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করছেন। বিনিময়ে তাঁরা প্রতি লাখে দুই হাজার টাকা কমিশন পাচ্ছেন। সংস্থার প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় রয়েছে একটি ‘ডিপার্টমেন্টাল স্টোর’। জানতে চাইলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আহসানুল আজিম চাকরির বিনিময়ে জামানত নেওয়ার কথা স্বীকার করলেও আমানত সংগ্রহের কথা অস্বীকার করেন। তিনি আরও বলেন, এটা এখন পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে গেছে। তাঁদের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও আদায়কৃত মূলধন দুই কোটি টাকা। এখন আদায় করা মূলধন ১০ কোটি টাকা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তা ছাড়া সমবায় থেকে তাঁরা নিবন্ধন নিয়েছেন। হাসপাতালের নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন।বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপক জান্নাতুল বাকেয়া সংস্থাটির অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তাঁদের প্রধান কার্যালয়ে জানানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে এ মুহূর্তে তিনি এর বেশি বলতে চাননি।