রাজশাহীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরের একটি ছাত্রাবাস থেকে গতকাল বুধবার লাবণী (২২) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি জেলার বাগমারা উপজেলায়।প্রত্যক্ষদর্শীরা জানান, রানীবাজার এলাকার একটি মেসের এক কক্ষে লাবণী একাই থাকতেন। গতকাল সকালে পাশের কক্ষের মেয়েরা তাঁকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে সাড়া না পাওয়ায় তাঁরা দরজা ভেঙে ফেলেন। ঘরে ঢুকে তাঁরা লাবণীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, প্রাথমিকভাবে এটাকে তাঁরা আত্মহত্যা বলে ধারণা করছেন। ময়নাতদন্তের পর এ বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারবেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।