রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা বখাটে গ্রেপ্তার
রাজশাহী নগরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত শুক্রবার নাহিদ নামে এক বখাটে যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকায় তার বাড়ি। ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, নাহিদের উত্পাতে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর ধরে নিরক্ষর বখাটে নাহিদ কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে নাহিদের অভিভাবকদের কাছে এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়। এতে কিছুদিন নাহিদের উত্পাত বন্ধ ছিল। ৬ জুন দুপুরে কলেজ থেকে ফেরার সময় পাড়ার একটি দোকানের সামনে নাহিদ ওই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় এবং অশালীন আচরণ করে। বাড়ি ফিরে ওই ছাত্রী এ ঘটনা বর্ণনা করে এবং জীবন রাখবে না বলে ঘরে গিয়ে দরজা লাগায়। অনেক অনুনয় করার পরও ছাত্রীটি বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভাঙেন। এ সময় তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ঘটনার পরদিন ছাত্রীর বাবা নাহিদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।