রাজশাহীতে কলেজছাত্রীর গায়ে আগুন: তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে এক কলেজছাত্রীর গায়ে প্রকাশ্যে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয়।
একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগমকে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, রোববার কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।
ওই কলেজছাত্রী এখন ঢাকায় শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন আছেন। কলেজছাত্রীর ভাই শিহাব আহমেদ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁর বোনের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।
শনিবার দুপুরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে রাজশাহীর শাহ মখদুম থানায় যান ওই কলেজছাত্রী। পুলিশ তাঁকে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। থানা ও ভিকটিম সেন্টার একই কম্পাউন্ডের মধ্যে। সেখানে গিয়ে মেয়েটি শুধু নিজের নাম লেখেন। এরপর আর কোনো সিদ্ধান্ত নিতে না পেরে বাইরে আসেন। এরপর থানা থেকে খানিকটা দূরে রাস্তায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।
আরও পড়ুন:
প্রকাশ্যে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিলেন কলেজছাত্রী