রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকল্প অনুমোদনের প্রায় দেড় বছর পর রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মূল কাজ শুরু হওয়ার কথা জানুয়ারিতে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এ সময় রাজশাহী ডিআইজি (প্রিজন) মো. বজলুর রশিদসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বছরের জুনে একনেকের সভায় ‘কারা প্রশিক্ষণ একাডেমি আধুনিকায়নসহ স্থায়ী ভবন নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন পায়। ৭৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের মেয়াদ ধরা হয় তিন বছর। প্রকল্প অনুসারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পশ্চিমাংশে প্রায় ১৮ একর জমিতে একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য ব্যারাক ও কারা কর্মকর্তাদের জন্য কোয়ার্টার নির্মিত হবে।