রাজশাহীতে কাল থেকে এসএমই পণ্যমেলা শুরু
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে কাল বুধবার থেকে রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন রাজশাহী নগর ভবনে এই মেলার আয়োজন করছে।
সহযোগিতা করছে রাজশাহী জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও বিসিক। এ উপলক্ষে গতকাল রাজশাহীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম বিন আসমাত লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, এই মেলায় রাজশাহী বিভাগের ৩০টি এসএমই প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে মোট ৩৫টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে। এতে থাকছে চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য বিভাগের স্বদেশি পণ্যের সম্ভার।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশমূল্য নেই। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউল গনি, জেলা তথ্য অফিসের উপপরিচালক শামসুজ্জামান, মেলা কমিটির সদস্যসচিব ও রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক আজাহারুল ইসলাম প্রমুখ।