রাজশাহীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও’ স্লোগান সামনে রেখে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রোববার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিমতলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমি কৃষি-উপকরণে ৫০ শতাংশ ভর্তুকি দাবি করছি। গোদাগাড়ীর টমেটো, তানোরের আলু আমরা আর পচে যেতে দেব না।’ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, অধিক মাত্রায় রাসানিক সার ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে গেছে। এক বিঘা জমিতে ধান চাষে খরচ পড়ে এক হাজার ২০০ টাকা। ভূপৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহার করতে পারলে এ খরচ পড়বে মাত্র ২০০ টাকা। তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের ২৩ দফা দাবি না মানলে আমরা হরতাল দেব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যান এনামুল হক, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বক্কর আলী, জাতীয় কৃষক সমিতি রাজশাহীর সভাপতি মতিউর রহমান, কমিউনিস্ট পার্টি রাজশাহীর সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।