রাজশাহীর মহাসমাবেশে বেগম খালেদা জিয়া দাবি করেন, জোট সরকারের সময় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। অথচ এটি মিথ্যাচার। জোট আমলে টঙ্গীতে মাত্র ৮০ মেগাওয়াট ছাড়া জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ যোগ হয়নি। এ ছাড়া ২০০১ সালের পর চালু হওয়া একটি বিদ্যুৎকেন্দ্রও বিএনপির আমলের নয়। অথচ বিএনপি এর কৃতিত্ব দাবি করে।রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল শুক্রবার বেলা ১১টায় মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এবং সদর আসনের সাংসদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেনসহ মহাজোটের স্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খালেদা জিয়া তাঁর বক্তব্যে দাবি করেছেন, তাঁদের আমলে বিদ্যুৎ খাতের বাজেট ছিল ১৩ হাজার ৭০০ কোটি টাকা। এটিও নির্জলা মিথ্যাচার। জোট আমলে বিদ্যুৎ খাতে বাজেট ছিল ১৫ হাজার ৯৮ কোটি ১২৫ লাখ টাকা। এই বিপুল অঙ্কের বাজেট থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন করতে না পারার কারণ জোট নেতাদের লুটপাট। সমাবেশ রাজশাহী সদর আসনের সাংসদকে অযোগ্য বলার প্রতিবাদ জানানো হয় এবং গত ১৬ মাসে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হয়।