রাজশাহীতে খাসজমি দখল নিয়ে সাংসদ ও মসজিদ কমিটির দ্বন্দ্ব
রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে একটি খাসজমি দখলকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েছে ওই এলাকার একটি মসজিদ কমিটি ও এক সাংসদ। গতকাল শুক্রবার ওই জমি ভরাটের সময় মসজিদের পরিচালনা কমিটির দুই শ্রমিককে ধরে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। কমিটির নেতারা অভিযোগ করেন, ওই সাংসদ পুলিশকে দিয়ে দুই শ্রমিককে ধরিয়ে নিয়ে যান।হড়গ্রাম এলাকার মসজিদে নূরের পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ খান জানান, রাস্তার পাশে প্রায় ১০-১২ কাঠা খাসজমিতে ঈদগাহ তৈরির জন্য মসজিদের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনপত্রে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা সুপারিশও করেছেন। ওই জমির পাশেই জমি কিনে ভরাট করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওয়াদুদ বিশ্বাস। এখন সাংসদ ওই খাসজমিটুকু দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আবদুল্লাহ খান।আবদুল্লাহ খান আরও জানান, ওই জমিতে মাটি ভরাট করার জন্য গতকাল মসজিদ কমিটির পক্ষ থেকে শ্রমিকদের কাজে লাগানো হয়। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে দুই শ্রমিককে ধরে নিয়ে যায় নগরের রাজপাড়া থানার পুলিশ। এর প্রতিবাদে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।