রাজশাহীতে খেলার দাবিতে অনশনে বসলেন খেলোয়াড়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ​িলগ আয়োজনের দাবিতে গতকাল রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে খেলোয়াড়েরা অনশনে বসেন l প্রথম আলো
ফুটবল ​িলগ আয়োজনের দাবিতে গতকাল রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে খেলোয়াড়েরা অনশনে বসেন l প্রথম আলো

রাজশাহীতে ফুটবল লিগ চালুর দাবিতে গতকাল সোমবার অনশন কর্মসূচি পালন করলেন খেলোয়াড়েরা। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের কোর্ট শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
পরে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এসে ফুটবল লিগ চালুর আশ্বাস দেন। তিনি অনশনরত খেলোয়াড়দের ফলের রস পান করিয়ে অনশন ভাঙান।
এ সময় ফজলে হোসেন বাদশা খেলোয়াড়দের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ফুটবল খেলোয়াড়দের কেন রাজপথে নামতে হবে? তারা কেন শহীদ মিনারে এসে অনশন করবে?’ তিনি লিগ চালুর সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।
অনশন কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুঞ্জুরুজ্জামান মুন। বক্তব্য দেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব, ক্রীড়া সংগঠক রইস উদ্দিন, খেলোয়াড় মানিক, রেজাউল করিম, আবদুল কুদ্দুস, আহাদ আলী, খোকন প্রমুখ।
বক্তারা বলেন, ৭ জুনের মধ্যে ফুটবল লিগ চালুর সুস্পষ্ট সমাধান না হলে ৯ জুন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে স্মারকলিপি দেওয়া হবে।
দীর্ঘ পাঁচ বছর ধরে রাজশাহীতে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়নি। ফুটবল-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল হয়নি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে লিগ শুরুর দাবিতে খেলোয়াড়েরা স্মারকলিপি দেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।