রাজশাহীতে খেয়াল খুশি মতো বাড়ে বাড়িভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের রানিবাজার এলাকায় ভাড়াবাড়িতে থাকেন প্রকৌশলী তাপস কুমার সরকার। সবে চার মাস এখানে উঠেছেন তিনি। মাসে ভাড়া সাড়ে ৮ হাজার টাকা। কিন্তু বাড়ির মালিক সুর তুলেছেন, জানুয়ারি থেকে ভাড়া দিতে হবে ১০ হাজার টাকা করে।
রাজশাহীতে বাড়ির মালিকেরা এভাবে খেয়ালখুশিমতো ভাড়া বাড়াচ্ছেন। ভাড়াটেদের হিসাব অনুযায়ী, এলাকাভেদে নগরে গত দুই বছরে ৫০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়িভাড়া বেড়েছে। বাড়িভাড়া আইন অনুসারে দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না। তবে এ নিয়মের তোয়াক্কা করেন না নগরের বাড়ির মালিকেরা। পাশাপাশি ভাড়া নেওয়ার ক্ষেত্রে রসিদ দেওয়া বা ব্যাংকের মাধ্যমে ভাড়া নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও এখানে তার চল নেই।
রানিবাজার এলাকার একজন কলেজশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন বছর আগে ৮ হাজার টাকা ভাড়ায় তিনি নতুন বাসায় উঠেছিলেন। ইতিমধ্যে দুবার ভাড়া বাড়ানো হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে আবার বৃদ্ধির ঘোষণা এসেছে। তিনি বলেন, ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো রসিদ দেয় না মালিকপক্ষ। আবার ব্যাংকের মাধ্যমে ভাড়া পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও ভাড়াটে তা করতে পারেন না। বাড়ির মালিক নিজের ইচ্ছেমতো সবকিছু করে থাকেন।
নগরের সাগরপাড়া এলাকার ভাড়াটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হরি প্রসাদ সিংহের বাসাভাড়া দুই বছরে বেড়েছে ২ হাজার টাকা। তিনি বলেন, বাসায় ওঠার সময় তাঁর বাসাভাড়া ছিল ১৩ হাজার টাকা। দুই বছরের মাথায় তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী শাখা বছর চারেক আগে একটি জরিপ করেছিল। সেখানে তারা দেখিয়েছিল হঠাৎ করেই রাজশাহীতে ৪০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয়ভাবে তাঁদের সংগঠন হাইকোর্টে একটি মামলা করেছিল। সে মামলার রায়ে আদালত কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু রাজশাহীতে বাড়ির মালিকেরা তা মানেন না।
বাড়ির মালিকেরা বলছেন, সিটি করপোরেশন অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে চলেছে। পাশাপাশি ওয়াসার পানির বিলও বাড়ানো হয় অস্বাভাবিকভাবে। এসব কারণে তাঁরা বাড়িভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন।
নগরের কুমারপাড়া এলাকার একটি বাড়ির মালিক শামসুল হক বলেন, তাঁর পাঁচতলা বাড়ির হোল্ডিং ট্যাক্স ছিল বছরে ৪ হাজার টাকা। তিন বছর পর তা ১০ হাজার টাকা করেছে সিটি করপোরেশন। আগামী ডিসেম্বরে ২৪ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে তারা। আর পানির বিল তিন বছর আগে ছিল ৬০০ টাকা। বর্তমানে ওয়াসাকে দিতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। ফলে বাড়িভাড়া না বাড়িয়ে তিনি পারছেন না।
অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর অভিযোগ মানতে নারাজ রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটির দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম প্রথম আলোকে বলেন, প্রতি পাঁচ বছর অন্তর নতুন করে কর নির্ধারণের নিয়ম রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কর ধরলে তা আরও বেশি হবে। তা না করে তাঁরা কর সহনীয় পর্যায়ে রেখেছেন। তিনি বলেন, ৩০০ টাকার মেসভাড়া ১ হাজার ৭০০ টাকা করা হয়েছে। বাড়িভাড়াও একইভাবে বাড়ানো হয়েছে। বিষয়টি সিটি করপোরেশনের আগামী সাধারণ সভার আলোচ্যসূচিতে রাখা হবে। বাড়িভাড়া যাতে সহনীয় পর্যায়ে রাখা যায়, সে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।