রাজশাহীতে গালিবের বিরুদ্ধে দুদকের মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি বেআইনিভাবে ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে দুদকের রাজশাহী সমন্বিত বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ মতিহার থানায় ১৫ আগস্ট মামলাটি করেন। মঞ্জুর মোর্শেদ বলেন, সরকারি বেতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত থেকে গালিব অন্য প্রতিষ্ঠানের সঙ্গে লাভজনক ব্যবসা করতে পারেন না। এ কাজ করে তিনি দণ্ডবিধির ২১ ধারায় অপরাধ করেছেন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১) ধারায় অপরাধ করেছেন। মামলার আরজিতে বলা হয়েছে, গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার সময় সোসাইটি অ্যাক্টের অধীনে তাওহীদ ট্রাস্ট নামের একটি সোসাইটি গঠন করেন। যা পরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধন করা হয়। তিনি এই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে অর্থ সংগ্রহ করে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৯৩ সালের ৩১ মে এর নিবন্ধন হয়। এ ছাড়া সারা দেশেই কার্যালয় খোলার কথা ট্রাস্টের নীতিমালায় উল্লেখ রয়েছে। এর সাত সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে তাঁকে চেয়ারম্যান হিসেবে নিবন্ধন করা হয়। মামলার আরজিতে আরও বলা হয়, কুয়েতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গালিবকে ইসলাম প্রচার, প্রসার ও সমাজকল্যাণের স্বার্থে ১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি ১৭ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকার পে-অর্ডার দেন। ওই পে-অর্ডার তিনি নিজ নামে ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী শাখায় জমা করেন। পরে ব্যাংক থেকে ওই টাকা তুলে তিনি বিভিন্ন খাতে খরচ করেন। দুদকের অনুসন্ধানে এই ট্রাস্টের নামে মতিঝিল স্থানীয় শাখা এমএসএনডি ও চলতি হিসাব ১২টি এবং বগুড়া শাখায় একটি হিসাব পাওয়া যায়। এগুলোতে এতিম ফান্ড, মসজিদ ফান্ড, সদকা ফান্ড, এগ্রিকালচার ফান্ডসহ বিভিন্ন হিসাব রয়েছে। মামলার বিষয়টি স্বীকার করে আসাদুল্লাহ আল গালিব বলেন, তিনি যা করেছেন জনকল্যাণের স্বার্থেই করেছেন।