রাজশাহীতে গাড়ি কিনে নিবন্ধন অন্য কোথাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্য কোথাও প্রচলিত না থাকলেও রাজশাহী সিটি করপোরেশন মোটরগাড়ি নিবন্ধনের সময় ক্রয়মূল্যের ওপর দুই শতাংশ হারে কর আদায় করছে। ফলে যারা নতুন গাড়ি কিনছে, তারা রাজশাহীর বাইরে নিবন্ধন করাচ্ছে। এতে রাজশাহীর ক্রেতারা হয়রানির শিকার হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল ২০০৬-এর ১২ ধারায় মোটরগাড়ির ক্রয়মূল্যের ওপর দুই শতাংশ হারে কর দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ধরনের বিধান আর কোথাও না থাকায় রাজশাহীতে যারা গাড়ি কিনছে, তারা পাশের কোনো জেলায় গাড়ির নিবন্ধন করাচ্ছে।রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদক লিয়াকত আলী জানান, তিনি গত নির্বাচনের আগে একটি গাড়ি কিনে নিবন্ধনের জন্য সিটি করপোরেশনে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, করপোরেশন দুই শতাংশ হারে কর নিচ্ছে। এতে তাঁর ১১ হাজার টাকা বাড়তি খরচ পড়ে। তাই বাধ্য হয়ে তিনি ঢাকা থেকে তাঁর গাড়ির নিবন্ধন করান।রাজশাহীর রানীনগর এলাকার খাদেমুল ইসলাম নামের একজন ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১৫ জুলাই বিআরটিএর তত্কালীন চেয়ারম্যান সুনীল কান্তি বোস স্থানীয় সরকার ও অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেন। এতে বলা হয়, রাজশাহী ছাড়া অন্য কোনো সিটি করপোরেশন থেকে এ ধরনের প্রস্তাব পাওয়া যায়নি। রাজশাহীতে কর এড়ানোর জন্য সিটি করপোরেশন এলাকা থেকে গাড়ির নিবন্ধন না করে পাশের জেলা থেকে গাড়ির নিবন্ধন করানো হচ্ছে। ফলে বিআরটিএর রাজশাহী মেট্রো এলাকার কার্যক্রমে স্থবিরতা দেখা যাচ্ছে। চিঠিতে দাবি করা হয়, রাজশাহী সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল ২০০৬-এর ১২ ধারাটি যৌক্তিক বলে তাঁরা মনে করেন না।এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিসা সুলতানা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের আয়ের উত্স কম, সেজন্য তাঁরা শুধু রাজশাহীর জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই দুই শতাংশ হারে কর আদায় করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।