রাজশাহীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গৃহকর্মী সোনিয়া খাতুনকে (৯) নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী কলি বেগমের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে। সোনিয়ার বাবা নবাব আলী গতকাল শনিবার নগরের বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন সোনিয়া গতকালও চিত্কার, কান্নাকাটি ও প্রলাপ বকেছে। তার সিটি স্ক্যান করা হয়েছে এবং উন্নত চিকিত্সার জন্য চিকিত্সক দল গঠন করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী সেনানিবাসের করতোয়া বিল্ডিংয়ের ৪ নম্বর বাসায় কাজ করার সময় মেজর আসফাকুর রহমানের স্ত্রী কলি বেগম কারণে-অকারণে সোনিয়াকে মারধর করতেন। এ সময় নাক-মুখ দিয়ে রক্ত বের হলে তা জোর করে তাকে খাইয়ে দেওয়া হতো। এমনকি তাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না।এজাহারে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি কলি বেগমের কম্বল গায়ে দেওয়ার অভিযোগে তিনি সোনিয়াকে রড ও রুটির বেলনি দিয়ে মারধর করেন। এতে সোনিয়ার একটি হাত ভেঙে যায়। এ অবস্থায় তাকে বাথরুমে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ১৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন মামলা দায়েরের সতত্য স্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।ওসিসির সমন্বয়কারী গোপেন আচার্য বলেন, গতকাল সোনিয়ার সিটি স্ক্যান করা হয়েছে। অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বি কে দামকে সভাপতি করে চার সদস্যের একটি চিকিত্সক দল গঠন করা হয়েছে। এতে শিশু সার্জারি, নিউরোসার্জারি ও শিশু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকেরা রয়েছেন। তিনি আরও বলেন, উন্নত চিকিত্সায় মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।