রাজশাহীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড
রাজশাহীতে গৃহবধূ সাথী ইয়াসমিন হত্যা মামলায় তাঁর স্বামী আরিফ হোসেনসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাত লাইভা। তাঁরা সাথী ইয়াসমিনের স্বামীর ভাইয়ের বউ। রায়ে দণ্ডপ্রাপ্ত তিন আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি আরিফের মা মর্জিনা বেগমকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের সাধুর মোড় এলাকায় স্বামীর বাড়িতে ২০১২ সালের ৩ এপ্রিল বিকেলে সাথীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আসামিরা। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মৃত্যু হয় সাথীর। মারা যাওয়ার আগে হাসপাতালে তিনি পুলিশের কাছে জবানবন্দি দিয়ে যান। এ ঘটনায় তাঁর বড় ভাই সুজন পরদিন ৪ এপ্রিল বোয়ালিয়া থানায় মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে নগরের বোয়ালিয়া রানীনগরের রহমান আলীর ছেলে আরিফ হোসেনের সঙ্গে হেতম খাঁ এলাকার সাহাজিপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে সাথী ইয়াসমিনের বিয়ে হয়।