রাজশাহীতে গৃহস্থালির কাজে গ্যাস সরবরাহ করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত গ্যাস যুক্ত না হওয়া পর্যন্ত রাজশাহীতে গ্যাস সরবরাহ করা যাবে না। সে ক্ষেত্রে রাজশাহীতে গ্যাস সরবরাহে অন্তত আরও এক বছর লাগতে পারে।বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে এসে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলো কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। এগুলোকে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এতে নিজেদের উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হতে পারবে।’রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী ও ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ টেকন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুলতান আহম্মেদ, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।এর আগে গতকাল সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এবং রাজশাহী রেশম কারখানার দেওয়া পৃথক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অর্থমন্ত্রীর কাছে ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠেয় টি-২০ ক্রিকেট বিশ্বকাপের রাজশাহীতে ভ্যানু নির্ধারণ ও রাজশাহী রেশম কারখানা দ্রুত চালু করার দাবি জানানো হয়। অর্থমন্ত্রী এগুলোর সম্ভাবনা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।