রাজশাহীতে গ্যালারি জগলুল ঋত্বিক ইনস্টিটিউটের যাত্রা শুরু
রাজশাহী নগরের মিয়াপাড়ায় ‘গ্যালারি জগলুল ঋত্বিক ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার’-এর যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
শিল্পী এ বি এম জামীর ব্যক্তিগত প্রচেষ্টায় রাজশাহীতে এ ধরনের আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেখানে রাজশাহীর বিখ্যাত ব্যক্তিত্ব, অতীত ইতিহাস, শিক্ষানগরে বৈচিত্র্যসহ বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে নগরের স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবনী কাজ করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে এ বি এম জামী বলেন, ‘যাঁদের আজ সংস্কৃতির আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে জ্বলার কথা, তাঁরা কিসের অভিমানে নিভে যাচ্ছেন? আপনারা অভিমানে কাল এ পৃথিবী ছেড়ে চলে গেলে কিছুই হবে না আপনাদের। কিন্তু ওদের (শিশুদের) দিকে তাকিয়ে দেখেন, ওরা (শিশুরা) কী হারাবে, আমরা কী হারাব? আপনারা চলে গেলে ওরা সুস্থ সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হবে।’
এ বি এম জামী বলেন, ‘আসুন, আমরা আগুন নিয়ে অসম্ভব সাহিত্য রচনা না করে একটি ম্যাচের (দেশলাই) কাঠি জ্বালিয়ে বলি, এই হচ্ছে আগুন।’ শিশুদের উদ্দেশে শিল্পী বলেন, ‘অনেক রাত জাগা আর অনেক হাঁটার জন্য তৈরি হও, আমি যা পারিনি, তুমি যেন তা পারো—তোমার জন্য এটিই রইল আশীর্বাদ।’
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী আশফাকুল আশেকীন বলেন, ‘আজ শিশু-কিশোরেরা খুব বেশি চিত্রশিল্পে আসে না। কিন্তু আমার প্রিয়জন বিশিষ্ট চিত্রশিল্পী এ বি এম জামী যে উদ্যোগ নিয়েছেন, তাঁকে আমি সাধুবাদ জানাই। আমরা সুযোগ পেলে তাঁর পাশে থাকব। এগিয়ে যাবে রাজশাহীর সৃজনশীল মানুষের চিত্রকর্ম।’
শিল্পী ও ছড়াকার এম এ কাইউম বলেন, ‘আজ চিত্রশিল্প প্রায় হারাতে চলেছে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। অতীত ইতিহাস, ঐতিহ্য ও মানুষের চিন্তাভাবনা তুলে ধরে চিত্রকর্ম, যা সংরক্ষণ করা জরুরি। শিল্পী জামী শিশু, কিশোর ও প্রতিভাবান ব্যক্তিদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ করার সুযোগ করে দিচ্ছেন।’