রাজশাহীতে গ্যাস সংযোগে গড়িমসি
গত জুনে সিটি করপোরেশন নির্বাচনের সময় রাজশাহীতে তড়িঘড়ি করে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়েছিল। এ জন্য দরপত্র ছাড়াই পুরোনো ঠিকাদারকে দিয়ে বাসাবাড়িতে সংযোগের (রাইজার উত্তোলন) কাজ শুরু করা হয়। সেই কাজ এখন চলছে খুব ধীর গতিতে।
অভিযোগ রয়েছে, রাজশাহীতে যথাযথ প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। কর্তৃপক্ষ গড়িমসি করে নতুন ঠিকাদার নিয়োগ না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যাতে আগ্রহী গ্রাহকেরা অতিরিক্ত অর্থ দিয়ে সংযোগ নিতে বাধ্য হন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, সংযোগের জন্য আবেদন পড়েছে ১২ হাজার ৭০১টি। গত ৭ জুন থেকে ৯৮ দিনে ৮১২টি সংযোগ দেওয়া হয়েছে। গড়ে প্রতিদিন সাত-আটটি করে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। তা-ও ঈদের আগে আরও দুটি অতিরিক্ত মেশিন লাগিয়ে অতি উৎসাহী গ্রাহকদের পকেট কেটে বাড়তি কিছু সংযোগ দিয়ে সংখ্যাটা এই পর্যায়ে আনা হয়েছে। শহরের রামচন্দ্রপুর এলাকার ব্যবসায়ী আরাফাত রুবেল জানান, তাঁরা সব প্রক্রিয়া শেষ করে বসে আছেন। এখন গ্যাস-সংযোগ চলছে খুব ধীর গতিতে। কবে সংযোগ পাবেন এ নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
পিজিসিএল সূত্র বলছে, বিভাগীয় শহর রাজশাহীতে সুষ্ঠুভাবে গ্যাস-সংযোগের জন্য একজন উপমহাব্যবস্থাপক দেওয়া দরকার ছিল। অথবা বড় শহরে গ্যাস-সংযোগের অভিজ্ঞতা রয়েছে, এমন একজন ব্যবস্থাপক থাকা দরকার ছিল। কারণ, আবেদন করা থেকে একটা চুলা জ্বলে ওঠা পর্যন্ত একজন ব্যবস্থাপককে ২৪ জায়গায় সই করতে হয়। রাজশাহীতে এ রকম দায়িত্বপূর্ণ কেউ নেই।
ওই সূত্রমতে, গ্যাস-সংযোগের আগে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়ার কথা। রাজশাহীতে এখন পর্যন্ত ঠিকাদার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়নি। এ কারণে সংযোগের কাজ ত্বরান্বিত হচ্ছে না। রাজশাহীতে সংযোগ শুরুর এক মাসের বেশি সময় পরে ২৪ জুলাই ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র জমা নেওয়া হয়। কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫৯ লাখ টাকা। এ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা হয়েছে আরএম কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। তাদের দর হচ্ছে ২৭ লাখ টাকা। একইভাবে বগুড়ার প্রাক্কলিত ব্যয় ৪০ লাখ টাকার কাজের সর্বনিম্ন দর প্রস্তাব করা হয় ১৯ লাখ টাকা। আবার এর চেয়ে ছোট এলাকা ঈশ্বরদী ও সিরাজগঞ্জে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি দর প্রস্তাব হয়েছে।
সূত্র জানায়, এ নিয়ে দরপত্র মূল্যায়ন কমিটি সমস্যায় পড়েছে। এ রকম বৈষম্যমূলক দরে কাজ দেওয়া হলে পরে অডিট আপত্তি হতে পারে। এ জন্য পুনঃ দরপত্র আহ্বান করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। এখন এই ঠিকাদারদের কাজ দিলেও সব প্রক্রিয়া শেষ করতে আরও অন্তত এক মাস লাগবে। আর নতুন করে দরপত্র আহ্বান করা হলে আরও অনেক বেশি সময় লাগবে। জানতে চাইলে দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক পিজিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং) রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে তাঁদের কথা বলা নিষেধ।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান গ্যাস-সংযোগের ধীরগতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে যেভাবে গ্যাস-সংযোগ দিয়ে দেশব্যাপী হইচই ফেলে দেওয়া হয়েছিল, নির্বাচনের পর আর সেই গতি নেই। বরং গ্যাস-সংযোগ দেওয়ার নামে এখন রাজশাহীর মানুষকে হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করা না হলে রাজশাহীবাসী আন্দোলনে নামবে বলে জানান তিনি।