রাজশাহীতে গ্যাস সংযোগের ফাইল সই বন্ধ
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে গ্যাস-সংযোগের জন্য ফাইল সই প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, চাহিদাপত্রের সঙ্গে সমানতালে রাইজার উত্তোলন না হওয়ায় ফাইল ছাড়া বন্ধ রাখা হয়েছে।
পিজিসিএল সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে দুই হাজার ৫৭৫টি চাহিদাপত্র (ডিমান্ড নোট) স্বাক্ষরিত হয়েছে। এরপর একটি ফাইলও স্বাক্ষর করা হয়নি। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ১৭০টি বাসায় সংযোগ দেওয়া হয়েছে।
বর্তমান ঠিকাদার দুই হাজার রাইজার উত্তোলন করতে পারবেন। এরই মধ্যে ঠিকাদারকে এক হাজার ৯২৯টি রাইজার উত্তোলনের জন্য তালিকা দেওয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ না হলে এর বেশি রাইজার উত্তোলন করা সম্ভব হবে না। এ অবস্থায় ফাইল ছাড়া হলে গ্রাহকেরা সংযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবেন। গ্রাহকদের বাড়তি চাপ এড়াতে রাজশাহী কার্যালয়ে চাহিদাপত্রের ফাইল ছাড়া বন্ধ রাখা হয়েছে। এখন নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ার চলছে। নতুন ঠিকাদারকে আগামী ৩০ জুনের মধ্যে তিন হাজার রাইজার উত্তোলন করার শর্ত দেওয়া হয়েছে।
জানতে চাইলে পিজিসিএলের উপব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, যে পরিমাণ রাইজার উত্তোলন করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি ফাইল ছাড়া হয়েছে। এ জন্য আপাতত ফাইল ছাড়া বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ঈদের আগে আবার কিছু ফাইল ছাড়া হবে।
স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। যে ১৩ হাজার আবেদন পড়েছে, তার সংযোগ আগামী নির্বাচনের আগেই দেওয়া হবে বলে জানান তিনি।