রাজশাহীতে গ্যাস সঞ্চালন পাইপে ফাটল
রাজশাহীতে গ্যাস সঞ্চালন কোম্পানির (জিটিসিএল) পাইপলাইনে গতকাল শনিবার ফাটল দেখা দিয়েছে।
পিজিসিএল সূত্রে জানা গেছে, এক মাস আগে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় জিটিসিএলের লাইনের পাইপে একটি ছিদ্র ধরা পড়ে। এরপর জিটিসিএল পাইপটি সরানোর কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল শনিবার দুপুরে ওই জায়গায় ফেটে যায়। ফলে বেলপুকুর থেকে রাজশাহীর খড়খড়ি এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাইপে গ্যাস নেই। আজ রোববার থেকে রাজশাহী শহরে গ্যাস সরবরাহের ওপর এই প্রভাব পড়বে।
জিটিসিএলের টেকনিশিয়ান গোলাম হোসেন বলেন, একটা সমস্যা হয়েছে। সেটা সারানোর চেষ্টা করা হচ্ছে। তবে ফাটল দেখা দেওয়ার কথা তিনি স্বীকার করেননি।
পিজিসিএলের রাজশাহীর উপব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, সাময়িকভাবে শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং গ্যাসের লাইন মেরামত শেষ হলে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে—এই মর্মে রাতেই কেব্ল নেটওয়ার্কে দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি পেলে তারা তা প্রচার করবে।