রাজশাহীতে গ্রাহকদের টাকা নিয়ে এনজিও উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন কমিউনিটি হেলথ ফাউন্ডেশন (সিএইচএফ) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা। প্রতারিত গ্রাহকেরা গত শনিবার দুপুরে নগরের রানীনগর এলাকায় সংস্থার প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, সিএইচএফ নামের এনজিওটি এক মাস আগে নগরে এর ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে। নগরের মোন্নাফের মোড় এলাকায় আবদুস সাত্তারের বাড়ি ভাড়া নিয়ে এনজিওটির প্রধান কার্যালয় খোলা হয়। এক মাসের মধ্যে নগরে আরও কয়েকটি শাখা কার্যালয় খোলে ওই এনজিও। গ্রাহকেরা জানান, সংস্থার মাঠকর্মীরা সাধারণ মানুষকে সহজ কিস্তিতে সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০০ গ্রাহক সংগ্রহ করেন। মাঠকর্মীরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণের অর্থ আদায় করেন এবং এক মাসের মধ্যে তাঁদের ঋণ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এক মাস পার হওয়ার পরও মাঠকর্মীরা এ ব্যাপারে গ্রাহকদের সঙ্গে নানা টালবাহানা করতে থাকেন। গ্রাহকেরা তাঁদের সঙ্গে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে কাউকে না পেয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। অপরদিকে প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের গা-ঢাকা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে নগরের রায়পাড়ায় অবস্থিত সংস্থার একটি শাখা কার্যালয়ও স্থানীয় লোকজন বন্ধ করে দেন।নগরের শিরোইল কলোনির শান্তিবাগ এলাকার আজিজুল জানান, ঋণ পাওয়ার আশায় তিনি ওই এনজিওতে ১৬ হাজার টাকা জমা দিয়েছিলেন। শিরোইল কলোনির মোস্তফা কামালের স্ত্রী সেতু জানান, তিনি জমা দিয়েছিলেন ১৯ হাজার টাকা। ওই এনজিও থেকে দেওয়া গ্রাহকদের জমা বইয়ে সংস্থাটির নিবন্ধন নম্বর ৯৮০৮(৩০/৭০-৭১)-০৯ এবং ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার হক সুপার মার্কেট উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও সংস্থার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে কোনো গ্রাহক তাঁদের কাছে অভিযোগ করেননি।