রাজশাহীতে গ্রেপ্তার শিবির নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবিরের নেতা হাফিজুর রহমান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী জানান, হাফিজুর রক্তস্বল্পতাজনিত রোগে ভুগছিলেন। গ্রেপ্তার হওয়ার আগে থেকে তিনি হেমাটলজি বিভাগের চিকিৎসক মাইনুদ্দিনের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার বেশি অসুস্থ হয়ে পড়লে ওই দিন বিকেলে তাঁকে এ হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ নম্বর ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে গতকাল ভোর সাড়ে চারটার সময় রক্তস্বল্পতাজনিত জটিলতায় তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুস অচল হয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে গতকাল বেলা পৌনে একটার দিকে হাফিজুরের লাশ বাসায় পৌঁছানো হলে তাঁর বড় ভাই আবদুল হালিম সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ ছিলেন। এ জন্য তাঁকে যে ওষুধ খাওয়াতেন তাঁরা, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আর সেই ওষুধ খাওয়ানো হয়নি। এ কারণে তিনি মারা গেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে গত ২৩ এপ্রিল কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয় হাফিজুরকে। এই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন হাফিজুর।
হাফিজুরের বাড়ি রাজশাহী নগরের ছোট বনগ্রাম পশ্চিমপাড়ায়। চার দিনের পুলিশ রিমান্ড শেষে গত ১ মে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ হাফিজুরের কোনো সংশ্লিষ্টতা পায়নি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেছেন, হাফিজুরের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
গত মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে জানান, তাঁরা মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ নামের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্যকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, মাসকাওয়াত সোমবার বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালতে হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে তিনি জানান, তাঁরা তিনজন হত্যাকাণ্ডে অংশ নেন ও আরেকজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। সেই চারজনের মধ্যে হাফিজুর নেই। এই বক্তব্যের পর হাফিজুরকে ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাওয়া হলে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছেড়ে দেওয়া হবে না।
রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে শিক্ষক রেজাউলকে হত্যার ঘটনায় তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর প্রথম গ্রেপ্তার করা হয়েছিল হাফিজুরকে।
ছাত্রশিবিরের বিবৃতি: গণমাধ্যমে গতকাল পাঠানো এক বিবৃতিতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাইম মাহফুজ ও সেক্রেটারি আবদুল্লাহ জোবায়ের বলেন, অধ্যাপক রেজাউল হত্যার ঘটনায় ব্যর্থতা আড়াল ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হাফিজুরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পুলিশ। সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না। বিবৃতিতে আরও বলা হয়, তিন মাস পরপর হাফিজুরের দেহে রক্ত পরিবর্তন করতে হতো। এসব বিষয় পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানিয়ে তাঁর জীবনাশঙ্কা প্রকাশ করা হলেও প্রশাসন কর্ণপাত করেনি। বরং চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে। কারাগারেও তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি।