রাজশাহীতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, জনদুর্ভোগ
রাজশাহী নগরে গত চার দিন ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হয়েছে৷ গুমোট গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়, গ্রিডে সমস্যার কারণে এটা হয়েছে৷ তবে আর হবে না।
নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, গত শনিবার থেকে তাঁদের এলাকায় ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে। তাঁদের সামনে পরীক্ষা, কিন্তু লোডশেডিংয়ের কারণে টেবিলে বসতেই পারছেন না। বিদ্যুতের এই দুরবস্থার কথা সাংবাদিকদের জানানোর জন্য তিনি গতকাল মঙ্গলবার সারা দিন খাতা-কলম নিয়ে বসে ছিলেন। তিনি সারা দিনের হিসাব করে বলেন, গতকাল সকাল ১০টা চার মিনিট থেকে ১১টা পাঁচ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। আবার ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত, বেলা দুইটা পাঁচ মিনিট থেকে তিনটা ১৭ মিনিট ও চারটা ৩১ মিনিট থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বিসিক শিল্পনগরে লোডশেডিং আরও বেশি হয়৷ গতকাল বিকেলে কথা হয় এ জি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবদুল গণির সঙ্গে৷ তিনি জানান, লোডশেডিংয়ের কারণে গতকাল সারা দিন কাজ করতে পারেননি। তাঁর কারখানার ১৯ জন কর্মচারী সারা দিন প্রায় বসে ছিলেন৷ তিনি জানান, সারা দিন তাঁরা প্রায় ৩০ হাজার বোতল উৎপাদন করেন। গতকাল দুই হাজারের বেশি বোতল উৎপাদন করতে পারেননি।
গত সোমবার রাত ১০টার পরে জার্মানি ও পর্তুগালের মধ্যে বিশ্বকাপ খেলা চলার সময় নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং হয়েছে। রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের শিক্ষার্থী আইয়ুব আলী বলেন, খেলা চলাকালে তাঁদের হোস্টেলে তিনবার বিদ্যুৎ গেছে। নগরের শিরোইল এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ওই খেলার দ্বিতীয়ার্ধের পর লোডশেডিংয়ের কারণে তাঁরা আর খেলাই দেখতে পারেননি। নগরের তালাইমারী এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান জানান, রাত সাড়ে নয়টার পর থেকে প্রায় এক ঘণ্টা তাঁর এলাকায় বিদ্যুৎ ছিল না।
এ ব্যাপারে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী নিজামুল হক সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোমবার পর্যন্ত তিন দিন রাজশাহীর কাটাখালী গ্রিডের সমস্যার কারণে লোডশেিডং হয়েছে। এখন আর এটা হবে না। গতকালের লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা হতেই পারে না। রক্ষণাবেক্ষণের জন্য বড়জোর ১০ মিনিট করে লোডশেডিং হতে পারে। তাঁকে শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস চ্যালেঞ্জ করছেন—শুনে নির্বাহী প্রকৌশলী ১০ মিনিট পরে ফোন দিতে বলেন। পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি অমূলক নয়। সকালে রক্ষণাবেক্ষণের কারণে সমস্যা হয়েছে। তাঁদের উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ১২টায় লোডশেডিং হয়েছে । দুইটার সময় ট্রান্সমিটারের বিভ্রাটের কারণে হয়েছে। সর্বশেষ বিকেল চারটায় গ্রিডের সমস্যার কারণে হয়েছে। বিসিক শিল্পনগরে সারা দিনের বিদ্যুতের হিসাবের কথা শুনে তিনি হাসতে হাসেত বলেন, ‘আমাদের ওই ডিভিশনে কুফা লেগেছে।’