রাজশাহীতে চলচ্চিত্র উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী প্রথম রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল সাড়ে পাঁচটায় নগরের পদ্মাপাড়ের লালন মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।

রাজশাহী চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত। নগরের তিনটি ভেন্যুতে একযোগে চলা এই উৎসবে দেশ-বিদেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নগরের লালন মঞ্চ ও বড়কুঠি মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে বলে জানান রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জাবীদ অপু।

তিনি বলেন, কাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের উদ্বোধন করবেন নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২১ মার্চ বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।