রাজশাহীতে চলছে ত্রিদেশীয় নাট্যোৎসব
রাজশাহীতে আট দিনব্যাপী ত্রিদেশীয় নাট্যোৎসবের ষষ্ঠ দিনে গতকাল বুধবার তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে একটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুটি নাটক মঞ্চস্থ হয়।
রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের প্রযোজনার নাটক দণ্ড। নাটকটির রচনা ও নির্দেশক ছিলেন নাট্যব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় ভারতের রবীন্দ্রনগর নাট্যদলের প্রযোজনা চক্রব্যুহ এবং সন্ধ্যা সোয়া সাতটায় মঞ্চস্থ হয় ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা বিরঙ্গনার বয়ান।
আজ বৃহস্পতিবার উৎসবের সপ্তম দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চস্থ হবে পাবনা থিয়েটারের প্রযোজনা শিখণ্ডী কথা এবং রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর প্রযোজনা উত্তর আহ্বান। কাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।
রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার বলেন, রাজশাহীতে নাট্যচর্চাকে আরও গতিশীল করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাজশাহী নগরবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সে জন্য রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই উৎসবের নাটকগুলো মঞ্চস্থ করা হচ্ছে। বাংলাদেশের নাট্য সংগঠনগুলোর পাশাপাশি ভারত ও নেপালের নাট্য সংগঠনগুলো উৎসবে অংশগ্রহণ করায় নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। উৎসবে নাট্যপ্রেমীদের কাছে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশের আটটি, ভারতের চারটি এবং নেপালের একটি নাট্যদল অংশগ্রহণ করছে।