রাজশাহীতে চলছে ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগ-২০১৫ এর রাজশাহী পর্বের আঞ্চলিক উৎসবের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে বেলুন ওড়ান অতিথিরা। ছবিটি আজ রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগ-২০১৫ এর রাজশাহী পর্বের আঞ্চলিক উৎসবের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে বেলুন ওড়ান অতিথিরা। ছবিটি আজ রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে চলছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর রাজশাহী পর্বের আঞ্চলিক উৎসব। আজ বুধবার সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের তালে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকবুল হোসেন জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন।

সূচনা বক্তব্যে অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ‘প্রথম আলো তাদের দায়বদ্ধতার একটি জায়গা থেকে এই উৎসবের আয়োজন করে থাকে। কারণ ভাষাই হচ্ছে আমাদের শিকড়। আমাদের জাতীয়তা, আমাদের সংস্কৃতি ও আমাদের সভ্যতার পরিচয় বহন করে আমাদের মায়ের ভাষা। দেশের নবীন শিক্ষার্থী এই ভাষার প্রতি অনুরাগী করে তোলাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। আমার প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানের ভেন্যু করার জন্য প্রথম আলোর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে রাজশাহীর বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা আট জেলার ৭০২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এ চারটি ভাগে বিভক্ত হয়ে ভাষা প্রতিযোগের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

১০টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব হবে। এ পর্বে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেবেন। আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠান থেকে জাতীয় পর্বের জন্য ৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। অনুষ্ঠানের শেষাংশে ভাষা প্রতিযোগে বিজয়ীদের সনদ ও মেডেল দেওয়া হবে।

আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর ও রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা।