রাজশাহীতে চাঁদা দাবি নিয়ে দুই মহল্লায় সংঘর্ষ, ভাঙচুর
একজন ট্রাকচালকের কাছে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাজশাহী নগরের দুটি মহল্লার বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা দুইটার দিকে রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার বরেন্দ্র রাইচ নামের একটি প্রতিষ্ঠান থেকে ট্রাকে চাল ওঠানো হচ্ছিল। এ সময় নগরের ষষ্ঠিতলা এলাকার কয়েকজন যুবক সেখানে গিয়ে ট্রাকচালক আবদুল মমিনের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাঁর ট্রাকের চাকার হাওয়া ছেড়ে দেয়। বাধা দিলে ট্রাকচালক মমিনকে বেদম মারধর করা হয়। এ ঘটনা দেখে স্থানীয় একটি হোটেলের কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। ট্রাকচালককে মারধরে বাধা দিলে তাঁদের ওপরও হামলা করা হয়। এতে হোটেলের কর্মচারী অ্যাপোলা (৩৩) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ও মারধরের ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে কাদিরগঞ্জ এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলাকারী যুবকদের ধাওয়া করে। এ সময় ষষ্ঠিতলার লোকজনও ওই যুবকদের পক্ষ নিয়ে এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। ঘটনার সময় উভয় পক্ষ আশপাশের কমপক্ষে তিনটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাদিরগঞ্জের মমিন নামের একজন ব্যবসায়ী দাবি করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলমের ভাতিজা সানমুন ট্রাকে চাঁদা দাবির ঘটনায় নেতৃত্ব দেন। ঘটনার পর পরই সেখানে কাউন্সিলর রবিউল আলমকে দেখা যায়। তবে রবিউল বলেন, ‘আপনারাও যা দেখছেন আমি তাই দেখছি। এর বেশি কিছু জানি না।’ নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই স্থানে চালের অনেক বড় ব্যবসা হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে, সংঘর্ষে লিপ্ত হওয়া দুই পক্ষের লোকজনই সেখানে চাঁদাবাজির সঙ্গে জড়িত।