রাজশাহীতে চার অপহরণকারী গ্রেপ্তার
রাজশাহীতে মাইক্রোবাসচালককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে গত সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন চার অপহরণকারী। এরা হলেন নগরের চণ্ডীপুর এলাকার রাসেল (২৫) ও টনি (২৪), ভেড়িপাড়া এলাকার নাজমুল (২৪) এবং ভাটাপাড়া এলাকার মুরাদ (২৬)। পুলিশ এ সময় অপহূত মাইক্রোবাসচালক জীবন হোসেনকেও উদ্ধার করেছে। বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, নগরের কলাবাগান এলাকার জীবন হোসেনকে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চার যুবক কথা আছে বলে কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর নগরের চণ্ডীপুর বালুর মাঠ এলাকায় গিয়ে অপহরণকারীরা জীবনের মোবাইল ফোন দিয়ে তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তাঁকে অপহরণকারী দলের সদস্য নাজমুলের বাড়িতে আটকে রাখা হয়। বিষয়টি জীবনের মা আকলিমা বেগম পুলিশকে জানান। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুম মনির বলেন, ‘আকলিমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। চার অপহরণকারীকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।’