রাজশাহীতে চার ওসি ও এক এসআইকে প্রত্যাহার
মাদক দ্রব্য সেবন এবং মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগে পুলিশের রাজশাহী রেঞ্জের চার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) গত বুধবার রাতে নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন পাবনার ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঠাকুরগাঁর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ মর্যাদাসম্পন্ন রংপুরের সদর কোর্টের পরিদর্শক এবং নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক। রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত পুলিশ সপ্তাহে পুলিশের অভিযানের মধ্যে মাদকবিরোধী অভিযানকে এক নম্বর হিসেবে গণ্য করতে বলা হয়েছে। তারপর থেকেই রাজশাহী রেঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। তিনি বলেন, অভিযুক্ত পাঁচ কর্মকর্তার কেউ কেউ মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছিলেন। আবার তাঁদের কেউ কেউ নিজেরাই মাদকদ্রব্য সেবন করছিলেন। মাস দেড়েক আগে তিনি তাঁদের সর্তক করে দিয়েছিলেন। তারপর থেকে তাঁদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। তবে তাঁরা নিজেদের সংশোধন করতে ব্যর্থ হন। এ কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।