রাজশাহীতে চার গুণী সংবর্ধিত

রাজশাহীতে একুশে পদকপ্রাপ্ত এবং জাতীয় শিল্পকলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত চার গুণী ব্যক্তিকে গতকাল শুক্রবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহীর ২৩টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে গঠিত নাগরিক সংবর্ধনা কমিটি নগরের মিঞাপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আবুল হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে বক্তব্য দেন কবি রুহুল আমিন প্রামাণিক ও স্বাগত বক্তব্য দেন কবি আরিফুল হক। সংবর্ধিত ব্যক্তিদের জীবন সম্পর্কে বলেন আয়োজক কমিটির সদস্যসচিব দীলিপ কুমার ঘোষ।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মজিবর রহমান দেবদাস, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক সনৎকুমার সাহা, নৃত্যগুরু বজলুর রহমান ও পণ্ডিত অমরেশ রায় চৌধুরী।
একুশে পদক পাওয়া মজিবর রহমান দেবদাসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর আত্মীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হাসিবুল আলম প্রধান।
অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ সনৎ কুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০০৬ সালে অবসর নেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এবার তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৩ সালের প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
রাজশাহীর প্রখ্যাত নৃত্যশিক্ষক বজলুর রহমান বাদল এবার জাতীয় শিল্পকলা একাডেমী পুরস্কার পেয়েছেন।
পণ্ডিত অমরেশ রায় চৌধুরী এবার জাতীয় শিল্পকলা একাডেমী পুরস্কার পেয়েছেন। ১৯২৮ সালে তিনি ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি রাজশাহীর শিল্পাশ্রম ললিতকলা একাডেমিতে দীর্ঘ বছর ধরে উচ্চাঙ্গসংগীত প্রশিক্ষণ দিচ্ছেন।