রাজশাহীতে চিকিৎসার নামে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও রোগ নির্ণয়ের কেন্দ্রগুলোতে চিকিৎসার নামে প্রতারণা ও অর্থ নেওয়ার অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রাজশাহী প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার সকাল ১০টায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জামাত খান।মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা বন্ধসহ ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানানো হয়। ৩০ দিনের মধ্যে এই পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে প্রস্তাবিত বেসরকারি ক্লিনিক আইন ২০১০ বাস্তবায়নের দাবি জানানো হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফজলুল হক, মোস্তাফিজুর রহমান খান, হাসান মিলাত, বেলাল আহমেদ, সাইদুর রহমান, মাহফুজুর রহমান খান, আশরাফুল আশেকিন, কল্পনা রায়, সুফিয়া বেগম, জেসমিন আক্তার, রিয়াজ আহম্মেদ খান, নিজাম উদ্দিন, শিপক চন্দ্র দে, ফেরদৌস জামিল, এম শরীফ, এম এ মাজেদ প্রমুখ।বক্তারা বলেন, রাজশাহীতে বর্তমানে যেকোনো সময়ের চেয়ে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে এবং চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে অতিরিক্ত ফি আদায় করছেন। তাঁরা বলেন, রাজশাহীতে শতাধিক ক্লিনিক ও প্যাথলজি গড়ে উঠেছে। এর মধ্যে মাত্র ২১টি ক্লিনিকের নিবন্ধন আছে, ১৩টির প্রক্রিয়াধীন। আর যেসব অবৈধ ক্লিনিক ও প্যাথলজি আছে, সেসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি দাবি জানান।মো. জামাত খান বলেন, মহানগরে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও প্যাথলজি গড়ে উঠেছে। এই ক্লিনিক ও প্যাথলজিগুলোতে চলছে ভুল চিকিৎসা ও ত্রুটিপূর্ণ রোগ নির্ণয়। কতিপয় চিকিৎসক রোগীদের প্রতি অবহেলা, দুর্ব্যবহার ও চিকিৎসার নামে অতিরিক্ত ফি আদায় করছেন। সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক দায়িত্ব পালন না করে ক্লিনিক ও প্যাথলজিতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।