রাজশাহীতে চীনা শিল্পীদের চিত্র প্রদর্শনী শেষ
‘বিউটিফুল বাংলাদেশ-বিউটিফুল চায়না’—এ স্লোগান সামনে রেখে রাজশাহীতে দুই দিনব্যাপী চীনা শিল্পীদের চিত্র প্রদর্শনী গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নগরের তালাইমারী বরেন্দ্র গ্যালারি অব আর্টে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে চীনের চারজন চিত্রশল্পীর ২০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।এর আগে গত সোমবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স চু গুয়াংজ। ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি লুৎফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আহসান জাকির।