রাজশাহীতে হেরোইন কেনাবেচার অভিযোগে গত শুক্রবার বাংলাদেশ ছাত্র মৈত্রীর পাঁচ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সম্মান শ্রেণীর ছাত্র ও কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি কাউসার আলী, কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও সাধারণ সম্পাদক ওয়াসিক জোহা ওরফে অনিক, একাদশ শ্রেণীর ছাত্র আবদুর রহিম ও জাহিদুল ইসলাম ওরফে নিক্বণ এবং এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সজীবুজ্জামান।নগরের বোয়ালিয়া জোন পুলিশের সহকারী কমিশনার শরীফুল ইসলাম বলেন, আবদুর রহিমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি এলাকা থেকে বাকিতে ৪৩ হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন কিনে আনেন। এই হেরোইন তিনি কয়েকদিন আগে বাকিতেই আবার জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেন। জাহিদুল ইসলামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। তবে জাহিদুল এ পর্যন্ত সে টাকা পরিশোধ করেননি। তাই টাকা আদায়ের জন্য কাউসার, ওয়াসিক ও সজীবুজ্জামান জাহিদুলকে জিম্মি করেন। পরে তাঁরা জাহিদুলকে দিয়েই তাঁর মামা আবদুর রাজ্জাকের কাছে ফোন করিয়ে বলান যে তাঁকে অপহরণ করা হয়েছে। ৫০ হাজার টাকা হলে তিনি ছাড়া পাবেন। টাকা নিয়ে রাজশাহীর তালাইমারীতে আসতে হবে। ফোন পাওয়ার পর তাঁর ভাই নয়ন বিষয়টি গুরুদাসপুর থানার পুলিশকে অবহিত করেন। গুরুদাসপুর থানার পুলিশ বিষয়টি বোয়ালিয়া থানার পুলিশকে অবহিত করলে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। নগরের বাসার রোডের তোতা মিয়ার ছাত্রাবাস থেকে জাহিদুলকে উদ্ধার করতে গিয়ে পুলিশ তাঁর কাছে ৫০ গ্রাম হেরোইন পায়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, পুলিশ একই ছাত্রাবাসের আবদুর রহিমকে গ্রেপ্তার করে। ছাত্র মৈত্রীর অপর তিন নেতা নিজেদের নির্দোষ প্রমাণের জন্য নগরের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে পুলিশ তাঁদেরও গ্রেপ্তার করে। গ্রেপ্তার কাউসার আলী জানান, হেরোইন বিক্রির টাকা না পেয়ে রহিম তাঁদের কাছে গত শুক্রবার সকালে অভিযোগ করেন। এরপর তিনি ওয়াসিক ও রহিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গুরুদাসপুরে যান। তখন জাহিদুল তাঁদের বলেন, হেরোইন তাঁর দুলা ভাইয়ের কাছে আছে। একপর্যায়ে তাঁরা হেরোইনসহ জাহিদুলকে নিয়ে রাজশাহী চলে আসেন। রাজশাহীতে এসে তাঁরা জাহিদুলের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের জন্য ফাঁদ পাতেন। গতকাল শনিবার বোয়ালিয়া থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগে একটি মামলা হয়েছে। গতকাল বিকেলেই তাঁদের আদালতে সোপর্দ করার কথা। এ বিষয়ে ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, এ ব্যাপারে তাঁর কিছুই বলার নেই। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত।