রাজশাহীতে ছাত্রদলের অনুষ্ঠান পণ্ড
রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের লাঠিপেটায় বিএনপি ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন এবং ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, কাউকে আটক করা হয়নি। জানা গেছে, ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল তিনটার দিকে নগরের শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি সাহেববাজার মনিচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে শুরু করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু অনুষ্ঠানের অনুমতি নেই জানিয়ে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে থাকলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।ওই ঘটনার পর বিকেল সোয়া পাঁচটার দিকে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। এ সময় নেতারা দাবি করেন, পুলিশের হামলায় অধ্যাপক সামাদ, শামীম আহমেদ, আলমগীরসহ বিএনপি ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ ১০ নেতা-কর্মীকে আটক করেছে। এর মধ্যে তারিকুল ও মাসুম নামে দুই কর্মীর নাম জানান নেতারা।সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ ছাত্রদলের অনুষ্ঠানে হামলা চালিয়েছে।রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা জানান, শোভাযাত্রা ও পথসভা করার জন্য গত ২২ ডিসেম্বর রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিল ছাত্রদল। কিন্তু পুলিশ কিছু জানায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, ছাত্রদল বিনা অনুমতিতে রাস্তা বন্ধ করে সমাবেশ করার চেষ্টা করছিল। সেখানে সমাবেশ না করার অনুরোধ করতে গেলে তারাই প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য ব্যবস্থা নেয় পুলিশ। তবে ওই সময় কাউকে আটক করা হয়নি বলে ওসি জানান।