রাজশাহীতে ছাত্রমৈত্রী নেতার হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার তৎকালীন সহসভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানির হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল রোববার রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটির রাজশাহী মহানগর কমিটি।সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে মৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তৃতা দেন আওয়ামী লীগের নেতা ও রেজওয়ানুল ইসলাম চৌধুরীর বাবা মনোয়ারুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশীষ প্রামাণিক, রাজশাহী মহানগর কমিটির সদস্য ফেরদৌস জামিল, মহানগর যুবমৈত্রীর সহসভাপতি মনিরুজ্জামান, শামিম ইমতিয়াজ, ছাত্রমৈত্রীর জেলার সম্পাদক মোহায়মুল হক, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেম্রম প্রমুখ।বক্তারা বলেন, ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সন্ত্রাসী হামলায় ছাত্রমৈত্রীর নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী নিহত হন। ছাত্র নামধারী সন্ত্রাসীরা সেদিন শুধু রেজওয়ানুলকেই হত্যা করেনি, ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার তৎকালীন সভাপতি জুয়েলের হাতের কব্জি পর্যন্ত কেটে নেয়। তাদের হামলায় অপর নেতা বুলবুল গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসা এখনো চলছে। বক্তারা বলেন, আগামী ১৬ মে এই হত্যাকাণ্ডের রায়ের দিন ধার্য করা হয়েছে। তাঁরা রায়ে রেজওয়ানুল ইসলাম চৌধুরীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।