রাজশাহীতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বুধপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের একজন ও যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের আহত কর্মীর নাম আরিফুল ইসলাম ওরফে আকাশ (১৮)। তাঁর বাড়ি নগরের বুধপাড়া এলাকায়। বাবার নাম মনিরুল ইসলাম। তিনি নগরের মতিহার থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আর আহত হাসান আলী (২৮) বুধপাড়া ওয়ার্ড যুবলীগের কর্মী। তাঁর বাবার নাম হাসমত আলী। বাড়ি বুধপাড়া এলাকায়।
সূত্র জানায়, চারঘাটে আজ শনিবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য গণসংযোগ করে বাসায় ফিরছিলেন আরিফুল ও হাসান। বুধপাড়ার নজিরের মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তারা আরিফুল ও হাসানকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম জানান, হাসানের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আর আরিফুল ইসলামের মাথায় জখম হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান অভিযোগ করেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছে।
রাজশাহী নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন নূর জানান, সাত-আটজনের একটি দল অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা করে পালিয়ে যায়।