রাজশাহীতে ছাত্রলীগ নেতার সন্ধান দাবি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বণিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সমিতির সহসভাপতি মুনজুর রহমান বলেন, ‘সোহাগ যদি কোনো অপরাধ করে থাকে, যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা বলতে চাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমরা অন্ততপক্ষে এটি জানতে চাই, সে কোথায় আছে? আমরা জানতে চাই, তার বিষয়ে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা তার অবস্থান নিশ্চিত হতে চাই।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সাইফুজ্জামানকে র্যা ব পরিচয়ে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা ও গৃহিণী মা যখন সন্তানকে আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন সেই সময় বজ্রাঘাতের মতো তাঁদের জীবনে অন্ধকার নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক হাসেন আলী, মো. ফরিদ উদ্দিন, এস এম এহেসান এবং সমিতির পরিচালক ও সাইফুজ্জামানের শ্বশুর রেজাউর রহমান।
গত বুধবার দিবাগত রাত তিনটার সময় র্যা ব পরিচয়ে আট থেকে দশজন সদস্য সাদা একটি মাইক্রোবাসে এসে সাইফুজ্জামানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় সাইফুজ্জামানের ক্যামেরা, ল্যাপটপ ও তাঁর স্ত্রীর গয়না নিয়ে যায় অপহরণকারীরা। গত রোববার সন্ধ্যায় নগরের রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন সাইফুজ্জামানের বাবা আক্কাস উজ জামান। মামলায় র্যা ব ও ডিবি পুলিশের পোশাকধারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।