রাজশাহী নগরের মির্জাপুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে শিবিরের কর্মীরা ছাত্রদলের এক কর্মীর বাম হাতের রগ কেটে দিয়েছেন। এ ছাড়া কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের কর্মীদের ।
ছাত্রদলের আহত কর্মীর নাম মেহেদী হাসান। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আহত ছাত্রলীগের কর্মীরা হলেন ইশতিয়াক, প্রশঞ্জিত সরকার, সাদ্দাম হোসেন, নাহিদ আহাম্মেদ ও সুজন আলী। তাঁরাও একই হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে সাদ্দামের সারা শরীর ককটেলে ঝলসে গেছে। নাহিদের বাম পা ভেঙে গেছে। প্রশঞ্জিতকে কুপিয়ে জখম করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অস্ত্রোপচার চলছিল।
হামলায় ছাত্রদলের কর্মী মেহেদী কীভাবে বা কেন আহত হলেন, তা জানা যায়নি। তবে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা আশিক দাবি করেন, ছাত্রলীগের কর্মীরাই ছাত্রদলের কর্মী মেহেদীর ওপর হামলা করেছেন। চাঁদা না দেওয়ায় তাঁর ওপর হামলা হয়েছে।
ছাত্রলীগের কর্মী ইশতিয়াক হোসেন জানান, তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতালবিরোধী মিছিল করে বেলা সোয়া একটার দিকে বাড়ি ফিরছিলেন। তিনি নগরের মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের কাছে গিয়ে দেখেন সেখানে শিবিরের ৩৫-৪০ জন কর্মী লাঠিসোঁটা ও জিআই পাইপ নিয়ে বসে আছেন। সেখানে যাওয়া মাত্র তাঁরা তাঁর (ইশতিয়াক হোসেন) ওপর ঝাঁপিয়ে পড়েন। বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে পাশে বসে থাকেন। কিছুক্ষণ পরে তিনি সেখান থেকে পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন শিবিরের কর্মীরা সেখান সরে যান। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী গিয়ে তাঁকে সঙ্গে করে মির্জাপুরে বাড়িতে ফিরছিলেন। হানুফার মোড়ে গিয়ে দেখেন, সেখানে শিবিরের দেড় শতাধিক কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে অপেক্ষা করছেন। শিবিরের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের দেখতে পেয়ে ককটেল ছুড়ে মারেন। একপর্যায়ে তাঁদের লাঠিপেটা করে ও কুপিয়ে জখম করেন। ছাত্রলীগের কর্মী ইশতিয়াক হোসেন জানান, তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। অন্যদের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আহত সুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সুজন বাড়িতেও যায়নি। হাসপাতালেও ভর্তি হয়নি, কিন্তু সে গুরুতর আহত হয়েছিল।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, শিবিরের কর্মীরাই ছাত্রলীগের ওপরে হামলা করেছেন। এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি। ছাত্রদলের কর্মী মেহেদীর ওপর হামলা কীভাবে হলো বা তিনি ঘটনাক্রমে হামলার শিকার হলেন কি না, তা তিনি বলতে পারেননি।