রাজশাহীতে ছাত্রাবাসে নিয়ে তরুণকে গলা কেটে হত্যা
রাজশাহীতে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একটি ছাত্রাবাসে এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। পালানোর সময় এলাকাবাসী চার তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছে, মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে তারা ওই তরুণকে কৌশলে ছাত্রাবাসে ডেকে আনে। নিহত তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর গায়ে নীল গেঞ্জি ও পরনে কালো রঙের জিনসের প্যান্ট ছিল। তাঁর গায়ের রং ফরসা। বয়স প্রায় ২৮।
আটক চারজনের মধ্যে দুজন খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এরা হলো আবুল হোসেন ও আশরাফুজ্জামান ওরফে রাব্বি। এদের দুজনের বাড়িই জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল গ্রামে। এদের মধ্যে আবুল হোসেন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে শহরে এসেছে। আশরাফুজ্জামান নগরের একটি বেসরকারি হেলথ টেকনোলজির শিক্ষার্থী। আটক অপর দুজন হচ্ছে আশিকুর রহমান ও সানিয়াত হোসেন। এরা দুজনই বেসরকারি হেলথ টেকনোলজির শিক্ষার্থী। আশিকুলের বাড়ি পুঠিয়ার ধোকড়াকুল গ্রামে। সানিয়াত হোসেনের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার গড়ানপুর গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুর রহমান প্রথম আলোকে জানান, আবুল হোসেন ও আশরাফুজ্জামান খুনের দায়দায়িত্ব স্বীকার করেছে। অপর দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। ওই দুজনের দাবি, স্থানীয় লোকজন সন্দেহমূলকভাবে তাদের আটক করেছে।
তৌহিদুর রহমান আরও জানান, আবুল হোসেন ও আশরাফুজ্জামান সাত দিন আগে নগরের তেরখাদিয়া এলাকার আখতার হোসেনের নির্মাণাধীন বাড়ির চতুর্থ তলা এক হাজার টাকায় ভাড়া নেয়। বাড়িটির নিচতলাও ভাড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা এখনো ফাঁকা। চতুর্থ তলার মেঝেতে ওই দুই ছাত্রের দুটি বিছানা পাতা রয়েছে। এ ছাড়া আর কিছুই নেই। এ দুজন পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত তরুণ তাদের ছাত্রাবাসের নিচের রাস্তায় হাঁটছিলেন। তারা দুজন তাঁকে গিয়ে বলে, তারা নতুন একটি কম্পিউটার কিনেছে। কিন্তু যন্ত্রটি বন্ধ করতে পারছে না। কম্পিউটারের কাজ জানা থাকলে তাদের সঙ্গে আসার অনুরোধ করে। সব শুনে ওই তরুণ তাদের সঙ্গে যান। পরিকল্পনা অনুযায়ী তরুণকে ওপরে এনে তারা তাঁর মাথায় আঘত করে। পরে মুঠোফোনের ডাটা কেব্ল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে দুর্বল করে ফেলে রাখে। এরপর তরুণের মুঠোফোন থেকে মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এ সময় ওই তরুণ চিৎকার করতে থাকেন। চিৎকার থামাতে আবুল হোসেন তাঁর গলা কেটে হত্যা করে। ধস্তাধস্তির শব্দ শুনে নিচতলার ভাড়াটের স্ত্রী রেনুকা বেগম ওপরে ওঠার চেষ্টা করলে তাঁকে নিচে নামিয়ে দেওয়া হয়। তিনি তাঁর ভাই কালামকে ঘটনাটি জানালে তিনি এসে ওপরে গলা কাটা লাশ দেখতে পান। কালামের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ওই চারজনকে আটক করে।
তৌহিদুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য নগরে মাইকিং করা হয়েছে। সারা দেশে পুলিশ স্টেশনে বার্তা পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ জানুয়ারি নগরের শিরোইল মঠপুকুর এলাকার মাহমুদা রফাত ছাত্রাবাসের সেপটিক ট্যাংক থেকে র্যাব সদস্যরা মেধাবী কলেজছাত্র নাদিমুজ্জামান সাদের গলা কাটা লাশ উদ্ধার করে। তার বন্ধুরা কৌশলে অপহরণের পর পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যা করে।