রাজশাহীতে ছাত্রাবাসে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গত শুক্রবার রাতে নগরের একটি ছাত্রাবাসে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পালানোর সময় এলাকাবাসী চার তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নিহত শাহাদত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর এলাকার লোকমান মাস্টারের ছেলে।
আটক চারজনের মধ্যে দুজন খুন করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁরা হলেন জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল গ্রামের আবুল হোসেন ও আশরাফুজ্জামান ওরফে রাব্বি। আবুল উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে শহরে এসেছেন। আশরাফুজ্জামান নগরের একটি বেসরকারি হেলথ টেকনোলজির শিক্ষার্থী। আটক অপর দুজন হচ্ছেন আশিকুর রহমান ও সানিয়াত হোসেন। তাঁরা দুজনই বেসরকারি হেলথ টেকনোলজির শিক্ষার্থী। আশিকুরের বাড়ি পুঠিয়ার ধোকড়াকুল গ্রামে। সানিয়াতের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার গড়ানপুর গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান প্রথম আলোকে জানান, আবুল ও আশরাফুজ্জামান খুনের দায়দায়িত্ব স্বীকার করেছেন। অপর দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। ওই দুজনের দাবি, সন্দেহমূলকভাবে তাঁদের আটক করা হয়েছে।
তৌহিদুর আরও জানান, আবুল ও আশরাফুজ্জামান সাত দিন আগে নগরের তেরখাদিয়া এলাকার আখতার হোসেনের নির্মাণাধীন বাড়ির চতুর্থ তলা এক হাজার টাকায় ভাড়া নেন। বাড়িটির নিচতলাও ভাড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা এখনো ফাঁকা। চতুর্থ তলার মেঝেতে ওই দুই ছাত্রের দুটি বিছানা পাতা রয়েছে। এ ছাড়া আর কিছুই নেই। তাঁরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত শাহাদত তাঁদের ছাত্রাবাসের নিচের রাস্তায় হাঁটছিলেন। তাঁরা শাহাদতকে গিয়ে বলেন, তাঁরা নতুন একটি কম্পিউটার কিনেছেন। কিন্তু যন্ত্রটি বন্ধ করতে পারছেন না। সব শুনে শাহাদত তাঁদের সঙ্গে যান। পরিকল্পনা অনুযায়ী শাহাদতকে ওপরে এনে তাঁর মাথায় আঘাত করেন। পরে মুঠোফোনের ডাটা কেব্ল দিয়ে ফাঁস লাগিয়ে তাঁকে দুর্বল করে ফেলে রাখেন। এরপর শাহাদতের মুঠোফোন থেকে মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় শাহাদত চিৎকার করতে থাকেন। চিৎকার থামাতে আবুল তাঁর গলা কেটে হত্যা করেন। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ওই চারজনকে আটক করেন।
গতকাল রাতে শাহাদতের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।