রাজশাহীতে ছয়টি তাজা ককটেল উদ্ধার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে এগুলো উদ্ধার করেন।র্যাব সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করা ককটেলগুলো একটি প্লাস্টিকের ব্যাগে ছিল। উদ্ধারের পর র্যাবের বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা এগুলো নিষ্ক্রিয় করেন।র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, ওই দিন সন্ধ্যায় নগরের লক্ষ্মীপুর মোড়ে জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। র্যাবের কাছে তথ্য ছিল সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে। এ জন্য ওই এলাকায় র্যাবের টহল জোরদার করা হয়েছিল। এ কারণে হামলার পরিকল্পনাকারীরা সুবিধা করতে পারেনি। তাই তারা ওই স্থান থেকে এক শ গজ দূরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের পাশে এগুলো ফেলে গেছে।